Description
এক বিশ্ববন্দিত গোয়েন্দা অজ্ঞাতবাস করছেন ইংল্যান্ডের ছোট্ট গ্রাম কিংস অ্যাবটে। তাঁর চাই শুধু একটু নির্ঝঞ্ঝাট সময়। কারণ, তাঁর মতে, রহস্যভেদের চেয়ে ভালো মাটিতে স্কোয়াশ ফলানো। তিনি অ্যাগাথা ক্রিস্টির মানসপুত্র এর্ক্যুল পোয়ারো। কিন্তু ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তাঁর অজ্ঞাতবাসে বাদ সাধল সাধারণ এক মৃত্যু। আপাতদৃষ্টিতে সাদামাটা একটা গ্রামীণ খুনের ভেতরে যে এত অত্যাশ্চর্য প্যাঁচ জড়িয়ে থাকতে পারে তা কে জানত! ফলে অবসরপ্রাপ্ত সেই বরেণ্য গোয়েন্দাকে সমাধানের কাজে এগিয়ে আসতেই হল।
ব্রিটিশ ক্রাইম রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে অ্যাগাথা ক্রিস্টির লেখা ‘দ্য মার্ডার অফ রজার অ্যাকরয়েড’ সর্বকালের শ্রেষ্ঠ রহস্যোপন্যাস। সেই অনবদ্য উপন্যাসের অনুবাদ ‘রজার অ্যাকরয়েড হত্যা রহস্য’। ক্রিস্টির রচনাশৈলী আর স্থান-কালের প্রেক্ষাপট যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে বাঙালি পাঠকের হাতে তুলে দেওয়া হচ্ছে এই অনুবাদ-উপন্যাস। কলম ধরলেন শমীতা দাশ দাশগুপ্ত।



